অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিক হাবে রূপান্তর করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।
তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহেশখালীসহ দেশের কয়েক স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এডিবির অর্থায়ন রয়েছে।
এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই বছরে জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নেওয়া এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারে অর্থনীতিতে রূপান্তরিত হবে।
অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সকল শ্রেণি-পেশা মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস হচ্ছে, কিন্তু চট্টগ্রামকে নিরাপদ রাখবো। গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে করা হয়েছে।
মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
উৎস: বাংলা ট্রিবিউন।






