ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় দুটি বেকারিতে তৈরি খাদ্যপণ্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযান সূত্রে জানা যায়, বেকারি দুটিতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল ডাই (কাপড়ের রং) ও সিঁদুরের রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।






