বিদেশি তরুণদের জন্য ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া সরকার। ঢাকা ট্রিবিউন বাংলা জানিয়েছে, নতুন নিয়মে দেশটিতে পরবর্তী মেয়াদে কাজের সুযোগ পেতে আবেদনকারীদের গ্রামীণ এলাকায় আগের চেয়ে বেশি সময় কাজ করতে হবে।
আবাসন সংকট ও ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা বৃদ্ধির মুখে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার অভিবাসী কমানোর পরিকল্পনা নেয়। তবে ভিসা কমানোর সিদ্ধান্তে গ্রামীণ অঞ্চলের ফল সংগ্রহ, রেস্তোরাঁ ও পর্যটন খাতের নিয়োগদাতাদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এ সমন্বয় আনা হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, আগামী বছর তৃতীয় বছরের জন্য থাকতে আগ্রহী ভিসাধারীদের সংখ্যা ৫,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ করা হবে। এর ফলে ২০২৫ সালের তুলনায় ভিসা কমানোর পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
অন্যদিকে, দ্বিতীয় বছরের ভিসা পেতে হলে গ্রামীণ এলাকায় বাধ্যতামূলক কাজের সময়সীমা তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করা হচ্ছে। এ ক্ষেত্রে ভিসার সংখ্যা সর্বোচ্চ ৪৫,০০০-এ সীমিত থাকবে, যা গত বছরের চেয়ে ২০ শতাংশ কম।
টনি বার্ক আরও জানান, বর্তমানে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে শহরের বাইরে কাজ করার বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়ে আসা ব্রিটিশ ব্যাকপ্যাকারদের জন্যও একই শর্ত চালুর বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করছে অস্ট্রেলিয়া। এছাড়া ব্রিটিশ নাগরিকদের ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন প্রক্রিয়াও ধীর করা হয়েছে।





